আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বুঝে নেবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।
সোমবার (১২ অক্টোবর) সকালে এনসিটির সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সামনে গণঅনশন কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
এর আগে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার ইনভেস্টমেন্ট মিলনায়তনে এ বিষয়ে উভয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড। পাশাপাশি টার্মিনাল আধুনিকায়ন, যন্ত্রপাতি হালনাগাদ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে দুবাইভিত্তিক এই টার্মিনাল অপারেটর ১৫ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সই হওয়া চুক্তির শর্তে কি কি বিষয় উল্লেখ রয়েছে তা এখনো প্রকাশ পায়নি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়েও এনসিটি নিয়ে চুক্তির প্রক্রিয়া শুরুর পর থেকে বন্দরের শ্রমিক-কর্মচারী, শ্রমিক সংগঠন, বামপন্থি রাজনৈতিব দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে আসছিলেন। গেল অন্তবর্তী সরকারের সময়েও এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দিতে বন্দরে কর্মবিরতি, রোড মার্চ, সড়ক অবরোধ, বন্দর ভবন ঘেরাও এমনকি বন্দর অচল করে দেওয়ার মতো কর্মসূচি পালন করা হয়েছে।
এমনকি অন্তবর্তী সরকারের শেষ সময়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে অন্য কয়েকটি সংগঠন মিলে টানা ৯ দিন বন্দর অচল করে রেখেছিল। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনের মধ্যে গত ৮ অক্টোবর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান চুক্তিতে সই করেন।
জানা গেছে, চুক্তির মেয়াদ প্রথমে ১৫ বছর ধরা হলেও পরবর্তী সময়ে সহজশর্তে নবায়নের বিধান রাখা হয়েছে। পাশাপাশি টার্মিনাল আধুনিকায়ন, যন্ত্রপাতি হালনাগাদ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে দুবাইভিত্তিক এই টার্মিনাল অপারেটর ১৫ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এরমধ্যে বন্দরকে এককালীন ৫ কোটি ডলার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করার বাধ্যবাধকতা রয়েছে চুক্তিতে। তবে গত অর্থবছরে দেশীয় অপারেটররা এই টার্মিনালে ১৩ লাখ ৭৫ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সংগঠনের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, ‘‘এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তি বাতিল করতে হবে। সরকারকে আমরা ১৮ অক্টোবর পর্যন্ত আলোচনার সময় দিলাম। এর মধ্যে কোনো কোনো উদ্যোগ নেওয়া না হলে ১৯ অক্টোবর থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করবো।’’
তিনি আরও বলেন, ‘‘এনসিটির চুক্তিতে কী আছে তা আমরা জানি না। দেশের জনগনও জানে না। আমরা চাই সরকার অবিলম্বে এই চুক্তি বাতিল করুক।’’
তবে এনসিটির চুক্তির বিষয়ে কথা বলতে রাজি হননি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।