মাদকের কুফল, কিশোর গ্যাং, ইভটিজিং এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনাগুলো দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
আগামী ২৬ অক্টোবরের মধ্যে নির্দেশনাগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তৈরি করে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রতিবেদন ই-মেইলে পাঠাতে হবে।