ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে সরাইল ২৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ২৫ বিজিবি ব্যাটেলিয়ানের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীনগর বিওপির একটি টহলদল সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে ২৫-৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। চোরাকারবারীরা কার্টনগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে স্কচটেপ পেঁচানো অবস্থায় ১৫,০৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও মাদক-চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বজায় রেখে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।