কুমিল্লায় ফোন-স্বর্ণ বিক্রি করে উধাও ৪ শিক্ষার্থী, হবিগঞ্জে তাদের থানায় নিলো অটোরিকশাচালক

কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর হবিগঞ্জের চুনারুঘাট থানা থেকে এক অটোরিকশা চালকের সহায়তায় তাদের উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

তিনি জানান, টিকটকের মাধ্যমে পরিচয় ও সখ্য গড়ে ওঠার পর পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটের বাহার মোবাইল মার্কেটে পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন ৪,০০০ টাকায় বিক্রি করে তারা। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় এবং পরে হবিগঞ্জে যায় তারা।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তবে তারা স্কুলে উপস্থিত হয়নি। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পরে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ অনুসন্ধানে নামে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি দেশের সব থানায় নিখোঁজ শিক্ষার্থীদের ছবি ও তথ্য পাঠানো হয়।

জানা যায়, চার শিক্ষার্থী প্রথমে বাসযোগে ঢাকা যায়। পরে এক শিক্ষার্থীর দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হবিগঞ্জে যাওয়ার পর একটি সিএনজি অটোরিকশা নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করার পর প্রকৃত ঠিকানা না পাওয়ায় ওই সিএনজি অটোরিকশা চালক ১২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে চার শিক্ষার্থীকে চুনারুঘাট থানায় নিয়ে হাজির হয়। পরে কুমিল্লা থানা পুলিশ গিয়ে তাদের কুমিল্লা নিয়ে আসে।

শিক্ষার্থীরা পুলিশকে জানায়, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কম। তারা মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করত এবং টিকটকে ভিডিও আপলোড করত। এসব মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ছেলের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। তবে পরিচিত ওই ছেলেদের প্রকৃত ঠিকানা তারা জানত না।

উদ্ধার করা শিশু শিক্ষার্থীদের বুধবার দুপুরে কুমিল্লা আদালতে তোলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।