অভিনেতা সমু চৌধুরীকে হামলার ঘটনায় একজন কারাগারে

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সমু চৌধুরী নিজেই বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে তার প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজ মালিক হৃদয় হোসেনকে। মামলার পর রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।“

মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। তিনি জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।

স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তিনি এখন বাড়িতে আছেন।

সমু চৌধুরীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।