বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আবু রায়হানকে মারপিটের ঘটনায় জড়িত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযুক্ত শিক্ষার্থীকে চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ওই শিক্ষার্থী বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সদর উপজেলার ঘোড়াঘাপ এলাকার বাসিন্দা। গত ১২ অক্টোবর বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে রাস্তায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। শ্রেণিকক্ষে অতিরিক্ত দুষ্টুমির কারণে শিক্ষক ওই ছাত্রকে সতর্ক করেন। এছাড়া অভিভাবককে নিয়ে স্কুলে আসতে বলেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী গাছের ডাল দিয়ে শিক্ষকের ওপর হামলা চালায়। আঘাতে শিক্ষকের চোয়াল কেটে গিয়ে আটটি সেলাই দিতে হয় এবং তার ঘাড়ে গুরুতর জখম হয়।
এ হামলার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে অধ্যক্ষ ওই ছাত্রকে বাধ্যতামুলক ছাড়পত্র দিয়ে বহিষ্কার করেন। এছাড়া হামলার শিকার শিক্ষক আবু রায়হান সদর থানায় এজাহার দেন।