সিরাজগঞ্জে লুট হওয়া ৪০০ গ্যাস সিলিন্ডারের ৪৮টি বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক থেকে লুট হওয়া ৪০০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) রাতে বগুড়া সদর ও শাহাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বগুড়ার শাহাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), ট্রাকের হেলপার সাকিব হোসেন (২০) এবং ডাকাত দলের সদস্য বগুড়া সদরের গোলাম মোস্তফা (৪৬)।

পুলিশ জানায়, ৭ অক্টোবর রাতে রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একটি দল পথরোধ করে। ধারালো ছুরি দেখিয়ে চালকসহ ট্রাকে থাকা অন্যদের হত্যার হুমকি দেয় তারা। এরপর অজ্ঞাত দুজনকে চালকের পাশের আসনে বসিয়ে ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পরে ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থান-সংলগ্ন ফাঁকা সড়কে ট্রাকটি থামিয়ে সিলিন্ডারগুলো দুটি মিনি ট্রাকে তুলে নেয় ডাকাতরা। একই সঙ্গে চালক ও হেলপারের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া অন্যান্য সিলিন্ডার উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।