জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাজশাহী ও গাইবান্ধার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) থেকে দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নেসকো জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার অনাকাঙ্ক্ষিত বিভ্রাট এড়াতে এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণে বিদ্যুৎলাইনের নিকটবর্তী গাছপালা ও ডালপালা কাটার লক্ষ্যেই মূলত এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি বিদ্যুৎলাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোসপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ এলাকা, শেখেরচক ও পঞ্চবটি। এসব এলাকার আশপাশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
অন্যদিকে নেসকোর গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে নেসকোর গোবিন্দগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।