রাজধানীর শ্যামলী এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড়ের ফুটব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার এসআই মো. জনি বলেন, ‘‘দুই কিশোরী একসঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।’’
তিনি বলেন, “দুজনের বয়স ১৮ বছরের নিচে। আমরা দুজনের কারোরই পরিচয় নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”
এসআই জনি আরও বলেন, “একজন জীবিত অবস্থায় তার নাম বলে গেছে, মুক্তা। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি ভোরবেলা হওয়ায় যে ট্রাকটি চাপা দিয়েছে, সেটি আটক করা যায়নি।”
নাম-পরিচয় না জানা কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। অন্য কিশোরী মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে সেখানে তার মৃত্যু হয়।
দুই কিশোরীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।