শনিবার সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে

সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। একইসঙ্গে সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলবে। আদালত খোলা থাকবে।

এর আগে দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ করে দিতে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে সরকার।

এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ হতে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দুর্গাপূজার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংক কর্মীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।