‘দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে’

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল সনাতনী শিক্ষার গণ্ডি পেরিয়ে যুগোপযোগী, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাদানের মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এই আহ্বান জানান। রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জানান, দেশের বিভিন্ন শিল্প-কারখানা, করপোরেট সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি বিভিন্ন খাত পরিচালনার জন্য আজও বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে, অথচ দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার যুবক রয়েছেন। এই ব্যবধান দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চ মানসম্পন্ন শিক্ষাদানের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।

শিল্প ও করপোরেট খাতের চাহিদা অনুযায়ী উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী তৈরি করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থানের উপযোগ করে তরুণ প্রজন্মকে গড়ে তোলা। উচ্চশিক্ষাব্যবস্থাকে এমন একটি সমন্বিত ও সামগ্রিক কাঠামোর আওতায় সাজাতে হবে, যাতে তা দেশ ও বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করতে পারে এবং দেশে কোনো বেকারত্ব না থাকে।

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল বাণিজ্যিক চিন্তা থেকে বেরিয়ে এসে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা খরচ মওকুফ বা বিশেষ ছাড় দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম তুলে ধরে জানান, তাদের প্রতিষ্ঠানটি মূলত একটি দাতব্য ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা চলছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফিতে গড়ে প্রায় ৩২ কোটি টাকার ওয়েভার বা বৃত্তি প্রদান করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।