ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে গন্তব্যে যেতে পারেননি ১৭ হাজার ৭০১ জন যাত্রী, চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, “হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সে কারণেই ঢাকা থেকে সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করতে হয়েছে। বাতিল হওয়া ১১৪টি ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।“
বেবিচকের তথ্যমতে, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস ও রিয়াদ এয়ারওয়েজের ১০টি করে ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ২২টি বাতিল করেছে ইন্ডিগো। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে।