সচরাচর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও আগামী বছর অমর একুশে বইমেলা প্রায় তিন সপ্তাহ এগিয়ে এনে ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসব্যাপী এই বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বইমেলার এই নতুন সময়সূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে মেলা এগিয়ে আনার সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এর আগে চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রথাগত ১ ফেব্রুয়ারির পরিবর্তে পিছিয়ে মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত একুশে বইমেলা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসক ও তাঁদের প্রতিনিধি ছাড়াও প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।