অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছর কারাদণ্ড

অর্থপাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার ও এমডি অভিউর রহমান খানকে পৃথক দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাদের আরও বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন ।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, অর্থপাচারের দায়ে তাদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুন ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

এছাড়া, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে দুই ধারার সাজা একত্রে চলবে এ কারণে দণ্ডিতদের ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান দুদকের প্রসিকিউটর।

রায়ে বলা হয়েছে, আসামিরা ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

আদালতের স্ট্রেনোগ্রাফার সোহানুর রহমান জানিয়েছেন, আসামিরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির করা হবে।

প্রসঙ্গত, অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

মামলার তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে গত বছরের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেন তিনি। গত ৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।