রাজধানীর খিলগাঁও এলাকার একটি আবাসিক ভবন থেকে মুহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ ও মানসিক অবসাদ থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করছে পুলিশ।
নিহত শাহবাজ পাকিস্তানের মুলতান জেলার জামালপুর থানা এলাকার নাজির আহমেদের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর দশতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন শাহবাজ। তিনি এক বাংলাদেশি আদিবাসী তরুণীকে বিয়ে করে ওই বাসাতেই বসবাস করে আসছিলেন। তবে সম্প্রতি তাদের দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়ে অন্যত্র বিয়ে করেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ জুবায়ের জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে শাহবাজ দুই দিন আগে সাতক্ষীরায় গিয়েছিলেন। তবে স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে বিষাদগ্রস্ত অবস্থায় ঢাকায় ফিরে আসেন। ধারণা করা হচ্ছে, এসব পারিবারিক ঘটনার জেরে সোমবার গভীর রাতে কোনো এক সময় নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি।
খবর পেয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা সৈয়দ জুবায়ের আরও জানান, পুরো ঘটনাটির বিস্তারিত তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।