রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চিকিৎসা সরঞ্জামের সংকট সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাদের অভিযোগ, সংঘবদ্ধভাবে হুমকিও দেওয়া হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসকরা আরও জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণে বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে দাবিগুলো, বর্তমান পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।