ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহীন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তরে কুমারপাড়া ক্রসিং সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া  রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করার পূর্বে শাহীন রেললাইনে শুয়ে পড়েন। ট্রেনের চালক হর্ন বাজিয়ে তাকে সতর্ক করলেও তিনি সরে যাননি। তিনি দৌড়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত কেবিন স্টেশন মাস্টার মুনতাসির মামুন মানিক সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুদ্দুস হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।