চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এছাড়া ওই একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোজি আক্তার (৫৫) ও তার মেয়ে নাজমা খাতুন (৪০)।
আহত ব্যক্তিদের মধ্যে নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন ও তাদের দুই ছেলে রয়েছেন। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। তারা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, আনোয়ারা জুট মিল বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত হতাহতদের উদ্ধার করে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জামান জানান, একই পরিবারের ছয়জন মাইক্রোবাসে করে বান্দরবানের লামায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
এছাড়া দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।