হেলিকপ্টারে সুন্দরবন আকাশপথে পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
এরপর নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে তার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে রওনা হন। সকাল ১০টায় আকাশপথ থেকে সুন্দরবনের হিরণ পয়েন্টসহ বিস্তীর্ণ বনাঞ্চল পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত বিশেষ প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এরপর দুপুর ৩টায় মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বেলা সোয়া ৩টায় তিনি প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন এবং বেলা সাড়ে ৩টায় তা সরেজমিনে পরিদর্শন করবেন। আজ বিকেলেই দিনের সমস্ত সরকারি কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।