হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু, চাইলেন দোয়া

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর)  সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে। এ সময় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থবোধ করছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও যোগ দেন তিনি। পরদিন বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রক্তশূন্যতার কারণে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন ভূমিমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যেন আমাকে সুস্থতা দান করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”