রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরে ব্যবহৃত একটি বাসের ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আটককৃত যুবকের নাম আবু বক্কর সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে তিনি নগরীতে প্রবেশ করেন এবং ঐতিহাসিক মাদ্রাসা মাঠের মহাসমাবেশসহ দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে পুনরায় বিমানবন্দরে ফিরে যান।
পরবর্তীতে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত রুয়েটের ওই বাসটির ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, “সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন?”
উক্ত পোস্টের কমেন্ট বক্সে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের আইডি থেকে মন্তব্য করা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”
হুমকি ও ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, মন্তব্যকারীকে প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে ডিএমপি ডিবি ও এসআরবির যৌথ অভিযানে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিএমপির হেফাজতে রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মারাত্মক ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এদিকে, প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”