প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর প্রথমবার খুলনা ও বাগেরহাট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

পরবর্তীতে তিনি নলিয়ান লঞ্চঘাট থেকে সরাসরি নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল সরজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে এই সরকারি সফর করছেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকাজুড়ে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

উপকূলীয় এই জনপদকে দীর্ঘদিনের ‘উন্নয়নবঞ্চিত’ উল্লেখ করে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “মোংলা বন্দরকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাস্টারপ্ল্যান রয়েছে সরকারের। মোংলাকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব এবং দেশের দক্ষিণাঞ্চলকে সামগ্রিক আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েই এই সফর ও উন্নয়ন উদ্যোগ নেওয়া হচ্ছে।”

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে দ্রুত শিল্পায়ন ও অবকাঠামোগত বিকাশ জরুরি। মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, বেজা প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবনের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় রূপ দিতে প্রধানমন্ত্রীর এই সফর উপকূলীয় অঞ্চলের সামগ্রিক উন্নয়নকে বহুগুণ ত্বরান্বিত করবে।”