টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - জালামপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া গ্রামের তপন চন্দ্র দাস (৫০) এবং তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তারা টঙ্গী পশ্চিম থানাধীন (গাজীপুরা) এলাকায় বসবাস করতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছেলে লিখনকে মৃত ঘোষণা করেন।

তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।