বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।
রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন। দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ক্রীড়া সংগঠক। ২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
সে সময় তার সঙ্গে কাজ করেছেন বর্তমানে বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম। স্মৃতিচারণা করে তিনি বলেন, “আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন। অনেক ভালো ভালো কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য উনার অনেক অবদান আছে।” তিনি আরও বলেন, “মাহমুদ জামাল অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন এবং রাজশাহীর ক্রিকেটের জন্যও অনেক কাজ করেছেন। মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, সেই দোয়াও করি।“
মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।