নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ঢাকাসহ সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে আবহাওয়ার বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটলে তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করায় আগাম শীতের বার্তা মিলছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের তেঁতুলিয়ায় দিন ও রাতের তাপমাত্রা ইতিমধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এ ছাড়া রাজারহাট, দিনাজপুর, রাজশাহী ও ঈশ্বরদীতেও তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তরাঞ্চলে ইতিমধ্যে তাপমাত্রা কমতির দিকে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেটে গেলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পাবে। ফলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি স্পষ্ট হয়ে উঠবে।
অন্যদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে শনিবারের মধ্যে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।
তবে এই মুহূর্তে লঘুচাপটির বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর নেই। তবে আগামী ২৫ অক্টোবরের পর থেকে দেশের উপকূলীয় এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সার্বিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে বৃষ্টিপাতের পরিধি বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।