গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি (দেওয়ালিয়াবাড়ী) এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭ টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।  

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন, “আমরা ৫ টা ৫৫ মিনিটে খবর পাওয়া মাত্রই আমাদের স্টেশন থেকে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়েছে। এছাড়াও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনও তথ্যও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মাত্র দুই দিন আগে গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

এক সপ্তাহ আগে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বিকেল ৪টার দিকে লাগা ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ ঘটনার মাত্র তিনদিন আগে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।