রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি মানববন্ধনে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়।
সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় এই মানববন্ধন-সমাবেশ আয়োজন করার কথা ছিল।
সংস্কৃতি কর্মী, সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র নামে সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধন হওয়ার কথা ছিল। ‘প্রতিবাদী শিল্পী জনতা’ নামে এক প্লাটফর্ম এই মানববন্ধন আয়োজন করে।
কর্মসূচি শুরুর আগে থেকেই ধানমন্ডি-২৭ নম্বরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মানববন্ধন শুরুর আগে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল, শ্রমিক নেতা মুর্শিকূল ইসলাম শিমুলসহ বেশ কয়েকজন শিল্পী-সংস্কৃতিকর্মীরা আসেন।
পরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দীপক শীলকে পুলিশ ভ্যানে করে আটক করে নিয়ে যায়।
পুলিশের সঙ্গে টানাহেঁচড়া ও একজনকে আটকের পর বিকেলের দিকে মানববন্ধনকারীরা তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে স্লোগান দেন, ‘মৌলবাদীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সংস্কৃতির ওপর হামলা, ঘুরে দাঁড়াও বাংলা’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ প্রভৃতি স্লোগান দেন।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দীপক নামের একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিনেত্রী সুমনা সোমা সাংবাদিকদের বলেন, ‘‘দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশের একজন সদস্য বলেছেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করেছি। পরে পুলিশ দীপককে ধরে নিয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই।’’
তিনি আরও বলেন, ‘‘জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের, আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবই। কেউ থামাতে পারবে না।’’