সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিলে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের সুলফির (স্থানীয় দেশীয় অস্ত্র) আঘাতে মতিউর রহমান (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সৈয়দপুর-সাহারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্ডিহেদায়েতপুর গ্রামের মতিবুর রহমান এবং একই গ্রামের আবুল কাসেম, বাবলু মিয়া ও ভেবলু মিয়ার মধ্যে বাড়ির পাশের হাওরের ডোবায় মাছ ধরা নিয়ে বেশ কয়েকদিন যাবত উত্তেজনা চলে আসছিল। দুপুরে মতিবুর রহমান ডোবার বাঁশকাঠা তুলে মাছ ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে মতিবুর রহমানের সঙ্গে আবুল কাসেম, বাবলু মিয়া ও ভেবলু মিয়ার কথাকাটি হয়।

এ সময় মতিবুরের বাড়ির লোকজন এগিয়ে এলে আবুল কাসেমের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের সময় আবুল কাসেমের লোকজন মতিবুর রহমানকে সুলফি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মতিউর রহমানসহ পাঁচজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মতিবুরকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মতিবুরের পক্ষের আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আবুল কাসেমের পক্ষের কেউ হতাহত হয়নি।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ডোবার মাছ ধরা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। দুপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আবুল কাসেমের লোকজন মতিবুর রহমানের উপর সুলফি দিয়ে ঘা দিলে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মতিবুরকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আরও পাঁচজন আহতকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, অভিযুক্তদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত মতিবুরের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।