দেশে নতুন ফরম্যাটে একাত্তরের ঘাতক আলবদর বাহিনী আবার সক্রিয় হয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন গেরিলা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম।
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে শাহ আলম বলেন, “রাষ্ট্র যেখানে একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাচ্ছে, সেখানে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র তাকে দাফন করতে বাধা দিচ্ছে-স্বাধীন দেশে এটি চরম দুঃসাহস। একাত্তরের পরাজিত শক্তি আজ ভিন্ন রূপে ও নতুন ফরম্যাটে মাঠে সক্রিয় হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের সময় মুক্তিযোদ্ধার ওপর হেনস্তার সঠিক বিচার না হওয়ায় এরা প্রশ্রয় পেয়েছিল।”
সমাবেশে বক্তারা বলেন, ‘‘মুক্তিযোদ্ধাদের একের পর এক হামলা ও অবমাননার শিকার হতে হচ্ছে। কখনও গলায় জুতা পরানো হচ্ছে, আবার কখনও জানাজা ও দাফনে বাধা দেওয়া হচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা এখনও মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছে।’’
মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, গেরিলা মুক্তিযোদ্ধা উদয়ন নাগ, মাহবুব মিন্টু, বালাগাত উল্লাহ এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক অমল কান্তি নাথ।
মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধারা নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করেন।