ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা। 

এ বিষয়ে মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, “বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি 
চিলাহাটির দিকে যাচ্ছিলো।”

“এসময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌছালে ট্রেনটির পিছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়৷ এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।” 

তিনি আরো বলেন, “রিলিফ ট্রেনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই রিলিফ ট্রেন আসবে। যান্ত্রিক ক্রটির কারণে এ ঘটনা ঘটতে পারে।”

আমাদের স্টেশনে কোনো লাইনের সমস্যা ছিলো না বলে তিনি জানান।