ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন মাদ্রাসা শিক্ষার্থীকে ভোট দেওয়ার অভিযোগে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, “তিনজন ভুয়া ভোটার পেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এসেছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।”
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, মাদ্রাসা ছাত্রদের দিয়ে এইভাবে ভুয়া ভোট দিয়ে নিজেদের প্রার্থীকে জেতানোর অপচেষ্টা করছে সাম্প্রদায়িক ‘ফ্যাসিস্ট শক্তি’ জামায়াত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট পয়গাম আলী এ অভিযোগ করেন।
তবে জামায়াত দাবি করেছে, এসব ভুয়া ভোটার বিএনপির, জামায়াত কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড করে না!