সরকারি বাসা ভাড়া দিলে কোনো নোটিশ ছাড়াই বাতিল হবে বরাদ্দ

সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো অংশ অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। এ নির্দেশ অমান্য করলে কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সরকারি আবাসন পরিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি তাদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন।

এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী। ইতোমধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিতে বলা হয়েছে। একইসঙ্গে বরাদ্দ পাওয়া বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী কোনো ধরনের নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে বলে সতর্ক করেছে পরিদপ্তর। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। পাশাপাশি ওই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।