রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্তে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৮টার দিকে মধুবাগ মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়করণ দল।
গ্রেপ্তার দুজনের একজন জাহিদুল ইসলাম মনির (২০)। অপরজন এক কিশোর।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের পাশাপাশি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হাতিরঝিল থানার ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। রমনা ও হাতিরঝিল থানা-পুলিশের উপস্থিতিতে বোমা নিষ্ক্রিয়করণ দল মধুবাগ মাঠে সেগুলো নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজন বর্তমানে রমনা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।