ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে যানজট।
শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, “আশপাশের কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।”
শ্রমিকরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। পুলিশের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবারও মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা। কয়েকদিন আগে একই দাবিতে উত্তরায় টানা কয়েক দিন সড়ক অবরোধ করা হয়।