টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বাঁধা দেওয়ায় ইট দিয়ে শিশুটির মুখ ও নাকে আঘাত করা হয়েছে। শিশুটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
শিশুটি জানায়, শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় বিপ্লব নামের এক যুবক তার সঙ্গে অপরাধ করেছেন এবং বাধা দেওয়ায় ইট দিয়ে মুখ ও নাকে আঘাত করেছেন। শিশুটি জানায়, তার খুব কষ্ট হচ্ছে এবং সে অভিযুক্তের শাস্তি চায়।
শিশুটির মা জানান, তিনি ক্যাপসুল মার্কেট এলাকার একটি পার্লারে কাজ করেন। অভিযুক্ত যুবক তার পার্লারে যাওয়া-আসা করতেন। শুক্রবার বিকেলে মেয়েটি তার কাছ থেকে নিচে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বিপ্লব তার কাছে তিনটি চিপস নিয়ে আসেন। মেয়ের কথা জানতে চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন। পরে হাসপাতাল থেকে জানানো হয়, এক রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
মা আরও জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যেসব আলামত পেয়েছেন, তাতে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা যায়। এ ছাড়া শিশুটির নাক ফেটে গেছে এবং ঠোঁটে একাধিক সেলাই দেওয়া হয়েছে।“
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।