সাংবাদিক আলিফ হত্যা: আরও দুজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৪

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃত দুজন হলেন ইমন ও সাব্বির। পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

নিহত আলিফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আইপি টেলিভিশন রূপসী বাংলার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি “ডিটেকটিভ আর্টিকেল” নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ অক্টোবর অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। অপূর্ব পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল হত্যা মামলারও আসামি।

এরপর গত ২০ অক্টোবর দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ইমন ও সাব্বিরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িত অন্যদের বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।