সাড়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের মুখ ও নাক থেঁতলে দেওয়া হলো

টাঙ্গাইল শহরে সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ধর্ষণের প্রতিবাদ বা বাধা দেওয়ায় শিশুটির মুখ ও নাক থেঁতলে দেওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলায় একটি নির্জন স্থানে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা জানান, তিনি একটি বিউটি পার্লারে কাজ করেন। আদালতপাড়ার বাসিন্দা বিপ্লব (২২) নামের এক বখাটে যুবক নিয়মিত ওই পার্লারে যাতায়াত করতেন। শুক্রবার বিকেলে তার শিশু কন্যাটি পার্লারের নিচে গেলে সে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অভিযুক্ত বিপ্লব তিনটি চিপসের প্যাকেট নিয়ে তার কাছে এসে শিশুটির বিষয়ে উল্টাপাল্টা কথা বলে পালিয়ে যান।

কান্নাজড়িত কণ্ঠে শিশুর মা আরও বলেন, “পরে হাসপাতাল থেকে জানতে পারি, আমার মেয়ে ধর্ষিত হয়েছে। এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।” এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী জানান, “প্রাথমিকভাবে আমাদের মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন, তাতে শিশুটিকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া তার নাক ফেটে গেছে এবং ঠোঁটে গুরুতর আঘাত থাকায় সেলাই করা হয়েছে।”

ঘটনার বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্ত সন্দেহভাজন যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।”