সারাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪২৭ জনের প্রাণ গেলো। এর মধ্যে গত অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।
রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩ জন, চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ২৫৯ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ১৮৫, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন রোগী হাসপাতাল ছেড়েছে।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।