নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ ভবনস্থ স্পিকারের অফিসকক্ষে নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ‘ধানের শীষ’ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

অন্যদিকে, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও একক প্রার্থী থাকায় সোমবার বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।