নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে রবিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক্সপোর বিস্তারিত তুলে ধরে জানান, ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ ও ৪ নভেম্বর এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এক্সপোর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর যৌথ উদ্যোগে এই এক্সপো আয়োজিত হয়েছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তির প্রদর্শন এবং এর দেশব্যাপী সম্প্রসারণের নানা দিক তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, জাতীয় জ্বালানি মিশ্রণে এর অংশ বাড়ানো এবং ছাদসহ অব্যবহৃত জমিতে সোলার প্যানেল স্থাপনে জনগণকে উদ্বুদ্ধ করতে মোট চারটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমিয়ে আনা এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার সর্বাত্মক পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।