মিরপুরে পুলিশ সদস্যকে মারধর

রাজধানীর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ একজন পুলিশ সদস্যকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং তার কাছ থেকে সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে জানা যায়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কালশী সড়কে ধাওয়া দেয় পুলিশ। এ সময় কয়েকজন পুলিশ সদস্য বিক্ষোভকারীদের মাঝখানে পড়ে গেলে চারদিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। বাকি পুলিশ সদস্যরা সরে যেতে সক্ষম হলেও একজন সদস্য একাকী আটকা পড়েন। পরবর্তীতে তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে উপস্থিত কিছু লোক ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ বেলা সোয়া ১১টা পর্যন্ত স্থায়ী হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে কালশী ও আশপাশের এলাকার পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে নিরাপত্তার স্বার্থে মিরপুর এলাকার দুটি মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ রাখা হলেও ৪৬ মিনিট পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

উল্লেখ্য, সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় পোশাকশ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। গত রবি ও সোমবারের সহিংসতার পর আজ নতুন করে এই সংঘাতের ঘটনা ঘটল।