‘গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল’

পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করতে রাজনৈতিক হীন উদ্দেশ্যে কোনো কোনো মহল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘‘এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।’’ 

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে, যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়। এটা আমরা কঠোর হাতে দমন করব।’’ 

তিনি আরও বলেন, ‘‘কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ 

কারখানা বন্ধ থাকার বিষয়ে সাংবাদিককে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আশা করা যায়, এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা করা হবে।’’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে। শ্রমিকদের দাবিদাওয়া পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন মজুরি বোর্ডে ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে দর-কষাকষি হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এখন অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।’’