মাদক মামলার আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পারভেজ মল্লিক। হারানো পিস্তল উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি পিস্তল হারানোর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এএসআই পারভেজ মল্লিক জানান, ওই দিন বিকেলে তিনি মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তর পাশে উনিশে টাওয়ারসংলগ্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২ এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই ডিউটিতে গিয়েছিলেন বলে দাবি করেন। অভিযান চালিয়ে মদসহ দুজনকে আটকের পর গাড়িতে ওঠানোর সময় ধস্তাধস্তি হয়। তার দাবি, ওই সময়ও পিস্তলটি তার সঙ্গে ছিল। আটক দুজনকে নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, পিস্তলটি নেই। তবে কোথায় বা কীভাবে সেটি হারিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এএসআই আরও জানান, হারানো পিস্তলে এক রাউন্ড গুলি ছিল। অভিযানের সময় তার সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ওসি হারুনুর রশীদ বলেন, “মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পারভেজ মল্লিক তার সঙ্গে থাকা পিস্তল হারিয়ে ফেলেছেন। ঘটনার দিনই এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।” তিনি জানান, হারানো অস্ত্রের সন্ধান দিলে বা উদ্ধারে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।