গাজীপুরে চারদিন ধরে চলা শ্রমিক বিক্ষোভ শেষে বুধবার থকে পরিস্থিতি স্বাভাবিক আছে। যানবাহন চলাচলও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, “গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে। গত চারদিন (শনিবার-মঙ্গলবার) পর্যন্ত শ্রমিকদের যে আন্দোলন চলছে আস্তে আস্তে শ্রমিকরাও বুঝতে পারছে যে তাদের দাবি দাওয়া মেনে নে্ওয়ার পক্ষে সরকার কাজ করছে।”
“সুতরাং, এটা বুঝতে পেরে তারা আন্দোলনে অনীহা প্রকাশ করছে, আন্দোলনে আসতে চাচ্ছে না।”
তিনি জানান, গাজীপুর শিল্পাঞ্চল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাবাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে, বিশেষ করে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, আনসার সদস্যরা আছেন। সবাই সবার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
এছাড়াও গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের নেতৃত্বে ২৫জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসক কার্যালয় জানিয়েছেন।