নিখোঁজের ২ দিন পর পুকুরে মিললো ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের ২ দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। তিনি ওই মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, বুধবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে এসে মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।

ওসি জানান, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই তাকে বাংলাদেশে নিয়ে আসেন।

গত ২ নভেম্বর রাতে তিনি কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তার মা গতকাল বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। এরই মধ্যে বুধবার সকালে কলেজ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।