পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হতাশাজনক হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইলফোনের প্রতি অতিরিক্ত আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছে উপজেলা প্রশাসন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করে এসব নির্দেশনা প্রচার করা হচ্ছে।
প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার বন্ধ রাখতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি করা যাবে না। স্কুল চলাকালীন শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া ছোট শিশুদের ডোবা, পুকুর, খাল ও নদী থেকে দূরে রাখতে অভিভাবকদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষার ফলাফলের মানোন্নয়নে এ প্রচারণা চালানো হচ্ছে।“ তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।