গাজীপুরে গ্যাসভর্তি সিলিন্ডার থেকে আগুন, আহত ৩

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকার ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ জানান, রাত ৮টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে।”

তবে স্থানীয়দের দাবি, গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় প্রতিষ্ঠানটির ভেতরে আটজন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।