গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধ চারজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন, আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। এদের মধ্যে আহাদের শরীরের ৫৫% পুড়ে গেছে।
গাজীপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া জানান, রাত ৮টা ৪০ মিনিটে গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এর সিলিন্ডারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। ৮টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে ও সাড়ে ৯ টায় সম্পূর্ণ নির্বাপন করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুইজন আহত হওয়ার কথা জানা গেলেও ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।
তবে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ আগুনের ঘটনায় চার জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে বলেন, “দগ্ধদের মধ্যে আহাদের শরীরের ৫৫%, আবদুল্লাহর শরীরের ২০%, আাশরাফুলের ১৫% এবং নাঈমের ৪% পুড়ে গেছে।”
তিনি আরও বলেন, “আবদুল্লাহ, আহাদ ও আবদুল্লাহকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিকেল ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।”