ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬) দায়দায়িত্ব নির্ধারণ করবে এ কমিটি। এ কমিশনেক ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন- বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব চিহ্নিত করবে কমিশন। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে এ কমিশন।
তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এ কমিশনকে। স্বাস্থ্যসেবা বিভাগ এ ক্ষেত্রে সাচিবিক সহায়তা দেবে।