চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা জারি

বৈধ প্রশিক্ষকের উপস্থিতি ছাড়া শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্সধারীরা সড়কে কোনোভাবেই মোটরযান চালাতে পারবেন না মর্মে কড়া নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে শিক্ষানবিশ চালকদের গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো একটি শাস্তিযোগ্য আইনগত অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল একজন স্বীকৃত ও বৈধ প্রশিক্ষকের উপস্থিতিতে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়ার সময় গাড়ি চালাতে পারবেন। সেই সঙ্গে প্রশিক্ষণ চলাকালে যানবাহনের সামনে ও পেছনের দৃশ্যমান অংশে স্পষ্ট ও বড় লাল রঙের ‘L’ লেখা বোর্ড ঝুলিয়ে রাখতে হবে।

উল্লেখ্য, চালকের লাইসেন্স অর্জনের পূর্বশর্ত হিসেবে গাড়ি শেখার প্রাথমিক ধাপে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হয়। ‘Learner’ শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহৃত ‘L’ চিহ্নটি দেখলে সড়কের অন্য যানবাহনের চালকেরা সহজেই বুঝতে পারেন যে গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। এতে অন্য চালকেরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের সুযোগ পান।

সড়ক দুর্ঘটনা রোধ, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষানবিশ চালকদের মধ্যে ট্রাফিক নিয়মনীতির সচেতনতা বাড়াতেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।